জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এনজিওর মাধ্যমে গরু পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আলী জিন্নাহ নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপাকেরদহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং সাবেক ইউপি সদস্য মরহুম বদিউজ্জামাল বদির ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালে বিভিন্ন ব্যক্তিকে একটি এনজিওর মাধ্যমে গরু পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ নেন জিন্নাহ। পরে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আর দেননি। একপর্যায়ে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদ থেকে তার বেতন-ভাতাসহ প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত না পেয়ে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, মোহাম্মদ আলী জিন্নাহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।