মাত্র এক বছরেরও কম সময়ে ৩০পারা কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছে লক্ষ্মীপুরের ৮ বছর বয়সী আব্দুর রহমান। তার এই সাফল্যে খুশি পরিবার ও শিক্ষকরা। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। সে হাজিরহাট আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফয বিভাগের ছাত্র।
আব্দুর রহমান বলে, ‘আমার বাবার স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। তাই আমাকে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদরাসায় ভর্তি করেন। আমি সবার স্বপ্ন পূরণে মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি বড় হয়ে যেন বড় আলেম হতে পারি সবাই সে দোয়া করবেন।’
জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদরাসার হিফ্জ বিভাগে ভর্তি হয় আবদুর রহমান। এর আগে আরেকটি মাদরাসার হিফয বিভাগে ৬ মাসের মতো পড়ে ১৫ পারা কোরআন মুখস্ত করে সে। পরে সেখান থেকে এ মাদরাসায় নিয়ে আসা হয়ে তাকে। এখানেই বাকি ১৫ পারা মুখস্ত করে এক বছরের কম সময়ে সে কোরআনে হাফেজ হয়।
তারা বাবা আবুল কালাম বলেন, ‘আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। কিন্তু বড় ছেলেকে পারিনি, সে জেনারেলে পড়ছে। আর ছোট ছেলে হাফেজ হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি। আশা করি সে একজন ভালো মানুষ হবে, একজন বড় আলেম হবে।’
আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, ‘আমাদের মাদরাসার ছাত্র আবদুর রহমান মাত্র ৮ বছর বয়সে তার হিফয সম্পন্ন করেছে। এটি আমাদের জন্য আনন্দের। সে যথেষ্ট নম্র, ভদ্র ও পরিশ্রমী। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার পুরো জীবন কোরআন অনুযায়ী পরিচালনার তৌফিক দান করেন।’