জামালপুরের মেলান্দহ উপজেলায় এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ী সর্দারপাড়া এলাকা থেকে অভিযুক্ত শফিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সাদেক আলীর ছেলে এবং মেলান্দহ জিন্নাহ মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী।
এ ঘটনায় দায়ের করা গৃহবধূর মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত ৮টার দিকে মেলান্দহ বাজারের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি বাথরুমে গোসল করছিলেন ওই গৃহবধূ। এ সময় শফিকুল ইসলাম কৌশলে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করেন।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, ভিডিও ধারণের পর অভিযুক্ত ব্যক্তি বিভিন্নভাবে ভুক্তভোগীকে ভয়ভীতি ও মানসিক হয়রানি করতে থাকেন। একপর্যায়ে তিনি ভিডিওটি অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীর সৌদি আরবপ্রবাসী স্বামীর কাছে পাঠান। এছাড়া ভিডিওটি আত্মীয়স্বজনের কাছেও পাঠিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী প্রথমে সামাজিক মান-সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি গোপন রাখলেও পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল ফোনটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান ওসি।