আমাদের তরুণদের মেধাকে ধ্বংসাত্মক কাজে নয়, বরং ইতিবাচক ও সৃজনশীল কনটেন্ট তৈরির মাধ্যমে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (১ জুলাই) সন্ধ্যায় প্রতিমন্ত্রীর নান্দাইলস্থ নিজ বাসভবনে স্থানীয় তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটি চক্র একে ব্যবহার করে নিয়মিত গুজব ও অপতথ্য ছড়িয়ে সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে।’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘সত্য প্রচার করে নিজেকে যেমন সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়, তেমনি দেশের উন্নয়নেও অনেক বড় অবদান রাখা সম্ভব।’
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান পরিস্থিতি, অপপ্রচার ও সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘তৃণমূল পর্যায়ের অনলাইন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের কোনো প্রতিনিধির এমন সরাসরি ও আন্তরিক মতবিনিময়ের ঘটনা এই প্রথম।’
সভায় তরুণরা তাদের কাজের নানাবিধ চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন ও প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে মেধা বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় নান্দাইল উপজেলার বিভিন্ন স্তরের উদীয়মান কনটেন্ট ক্রিয়েটর, ভিডিও মেকার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।