কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজাদের হামলায় নুর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত নুর ইসলাম ওই গ্রামের ওহাব মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে পাট জাগ দেওয়া নিয়ে নুর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মণ্ডলের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পারিবারিক বিরোধ সংঘর্ষে রূপ নিলে কালাম মণ্ডল, তার ছেলে জিতুসহ কয়েকজন নুর ইসলামের ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নুর ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় কালাম মণ্ডল ও রুপম নামে আরও দুজন আহত হয়েছেন। তদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।