‘কবরে শায়ীত নারী জীবিত রয়েছেন’- জিন ভড় করে এমনটা জানিয়েছে বলে দাবি করেছেন তার সন্তানরা, আর সে কারণেই কবর থেকে বৃদ্ধার মরদেহ বের করেন স্বজনরা। শনিবার (১ আগস্ট) জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. বাহাদুর মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ৬৫ বছরের হালিমা বেগমের মৃত্যু হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্য অস্বাভাবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর জিনের আসর হয়েছে এবং তাদের মাধ্যমে জিনের নির্দেশ এসেছে যে হালিমা বেগম জীবিত আছেন। তাই তাকে কবর থেকে তুলে আনতে হবে।
এ দাবির পর শনিবার রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। এরপর প্রথমে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক ওই নারীকে মৃত বলে নিশ্চিত করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় দাফন করেন। এ ঘটনায় পরিবারের কোনো সদস্য কিংবা সংশ্লিষ্ট চিকিৎসকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমাদের কেউ অবগত করেনি। আমরাও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। যদি বিষয়টি পুলিশকে জানানো হতো, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।’