নোয়াখালীর ভাসানচর থেকে স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা স্পিডবোটে কয়েকজন রোহিঙ্গার সন্দেহজনক চলাচল লক্ষ্য করেন। পরে তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে তাদের সঙ্গে থাকা বিভিন্ন মালামালসহ আটক করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকরের নেতৃত্বে যৌথ বাহিনী অংশ নেয়।
আটক ব্যক্তিদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুনরায় ভাসানচরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভাসানচরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে। তাদের সমন্বিত তৎপরতার ফলে পালিয়ে যাওয়ার এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।