কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন (৩৯) নামে রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে আটক করেছে র্যাব। রোববার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রর্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক। আটক হেলাল উদ্দিন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব জানায়, হেলাল উদ্দিন রাজবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাস থেকে গাজী ফিলিং স্টেশনের সামনে নামেন। পরে একটি ভ্যানে করে গন্তব্যে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য মতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
অভিযানের সময় হেলাল উদ্দিন দাবি করেন, তিনি রোজিনা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত। সকালে ঢাকায় এক অপরিচিত ব্যক্তি তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট ও একটি মোবাইল নম্বর দিয়ে যান। তাকে বলা হয়েছিল, প্যাকেটের ভেতরে একটি মোবাইল ফোন ও চার্জার রয়েছে। প্যাকেটে ইয়াবা আছে, সে বিষয়ে তিনি কিছু জানতেন না বলেও দাবি করেন।
এ বিষয়ে রোজিনা পরিবহনের কুমারখালী কাউন্টার মাস্টার আব্দুল হালিম জানান, হেলাল উদ্দিন প্রায় তিন বছর ধরে ঢাকা-কুষ্টিয়া রুটে চলাচলকারী রোজিনা পরিবহনের সুপারভাইজার হিসেবে কাজ করছেন। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার কোনো পূর্ব ধারণা ছিল না বলে তিনি দাবি করেন।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক বলেন, আটক ব্যক্তির কাছ থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।