বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, পদবি ও সিল ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার (২ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়। মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলামবি ষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার কামরুজ্জামান টুকু উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা সিল ও স্ট্যাম্প প্যাড ব্যবহার করে প্রতিমন্ত্রীর পরিচয় ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রভাব বিস্তার এবং অবৈধ তদবির বাণিজ্য পরিচালনার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা করা হয়েছে।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।