পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি মুদি দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মানিক হোসেন ওরফে সুমন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মানিক হোসেন ওরফে সুমন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে।
দোকান মালিক ও স্থানীয়রা জানান, মানিক গভীর রাতে চুরির উদ্দেশ্যে হাবিবুল মণ্ডলের মুদি দোকানে প্রবেশ করেন। দোকানের পাশেই তার বাড়ি হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে বের হয়ে দোকানে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় মানিক তার কাছে থাকা একটি ধারাল চায়নিজ কুড়াল দিয়ে হাবিবুলের হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ দেন।
হাবিবুলের চিৎকার শুনে তার দুই ছেলে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মানিক নিহত হয়।।
এ ঘটনার পর আহত অবস্থায় হাবিবুল মণ্ডল ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।