বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ছয়টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম। তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কাছাকাছি থাকা তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, বালুভর্তি বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে তার মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। তারা প্রাণ বাঁচাতে বাড়ির সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে বোমাটি সেখানে কীভাবে এলো, সে বিষয়ে তাদের পরিবারের কোনো ধারণা নেই বলে তিনি দাবি করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।