মাগুরা শহরের ভায়না টিটিডিসিপাড়া এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে পুরে যাওয়া ঘরের ভেতর থেকে শিপলু মুন্সী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (৩ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিপলু মুন্সী ওই এলাকার আকবর মুন্সীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে শিপলু মুন্সী পরিবারের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বলেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে তারা স্থানীয়দের সহযোগিতা চান। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে শিপলু মুন্সীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে পাভেল মুন্সী জানান, ঘটনার আগের রাত থেকেই তার বাবার সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়েছিল। সোমবার সকালে তিনি আর কাজে যাবেন না বলে পরিবারের সদস্যদের জানান। তার দাবি, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্থানীয়রা জানান, ঘটনার আগে পরিবারের সদস্যদের সঙ্গে শিপলু মুন্সীর বিরোধ হয়েছিল। সেকারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৯টা ৫৫ মিনিটে টিটিডিসিপাড়া এলাকা থেকে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘরের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।