মানিকগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মো. জুলহাসকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় মিলের শ্রমিক। সোমবার (৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলহাস তার স্ত্রী এবং স্ত্রীর আগের সংসারের ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি পরিবারের বাইরে জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
শিশুটির মা জানান, তার স্বামী যে এমন জঘন্য কাজ করতে পারেন, তা তিনি কখনো কল্পনাও করেননি। ভয় দেখানোর কারণে মেয়েটি এতদিন কাউকে কিছু বলতে পারেনি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ভুক্তভোগী শিশু ও তার মা পরিষদে এসে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত জুলহাসকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।