মাদারীপুরের ডাসার উপজেলায় কেমিক্যালের একটি ড্রাম কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিরব শরীফ (১৫) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকার একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত নিরব শরীফ পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিরব শরীফসহ কয়েকজন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। এ সময় কেমিক্যালের একটি ড্রাম ইলেকট্রিক কাটার মেশিন দিয়ে কাটার চেষ্টা করা হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিরব শরীফসহ আরও দুই শ্রমিক আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিরব শরীফকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর জেলা হাসপাতালে পাঠানো হবে।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে কেমিক্যালের ড্রামটি বিস্ফোরিত হয়েছে এবং নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’