কুষ্টিয়া কোর্ট স্টেশনে দুইটি ব্যাগকে ঘিরে মধ্যরাতে বোমাতঙ্কের সৃষ্টি হয়েছে। পরে ব্যাগ দুটি উদ্ধার করে পরীক্ষা করে ভেতরে কয়েকটি ইটের টুকরা পাওয়া গেছে। তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনের নকশিকাঁথা কাউন্টারের পাশে ব্যাগ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগ দুটির আকৃতি ও অবস্থান দেখে সেগুলোতে বোমা থাকতে পারে বলে সন্দেহ হয়। পরে বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখে। এ ঘটনায় স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রায় আড়াই ঘণ্টা পর পোড়াদহ রেলওয়ে থানার ওসি হোসাইন ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগ দুটি খুলে পরীক্ষা করা হয়। এ সময় ব্যাগের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক জাতীয় বস্তু পাওয়া যায়নি। পাওয়া যায় কয়েকটি ইটের টুকরা।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন বলেন, ব্যাগ দুটি দেখে স্থানীয়দের মধ্যে বোমা থাকার আশঙ্কা তৈরি হয়েছিল। পরে ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে দেখা যায়, এর ভেতরে বোমা জাতীয় কিছু নেই; কয়েকটি ইটের টুকরা রয়েছে।
বোমা সদৃশ ব্যাগ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রাতেই কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়। পরে ব্যাগের ভেতরে কোনো বিস্ফোরক না থাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।