ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটেছে। বড় ভাইয়ের স্ত্রীকে ছোট ভাই নিয়ে পালিয়ে যাওয়ার পর বিষয়টি মীমাংসার জন্য থানায় উভয় পক্ষকে ডাকা হয়। সেখানে ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি ও হাতাহাতির ঘটনা ঘটে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ভাঙ্গা থানার গেটের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের একরাম আলীর সঙ্গে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গ্রামের পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর একরামের ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে পূর্ণিমার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
গত বুধবার (১৯ আগস্ট) দুপুরে পূর্ণিমা বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দেবর আব্দুল্লাহর সঙ্গে পালিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাদের দুজনকে সাভার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শনিবার দুপুরে বিষয়টি সামাজিক ও আইনগতভাবে মীমাংসার জন্য ভাঙ্গা থানায় উভয় পক্ষের লোকজন জড়ো হন। শালিস শুরু হওয়ার আগেই ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই নারীর বাবা বলেন, ‘মেয়েকে উদ্ধার করে বিষয়টি আইনি ও সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষকে নিয়ে থানায় আসি। এ সময় থানা প্রাঙ্গণে উভয় পক্ষের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে একপর্যায়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘থানার গেটের সামনে এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ হয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করে তাদের সেখান থেকে বের করে দিয়েছে।’