মাদারীপুরের কালকিনি উপজেলায় সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাসার উপজেলা বিএনপি নেতা সালাম খানকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।
বুধবার (২৬ আগস্ট) সকালে কালকিনি-সাহেবরামপুর সড়কের সিডি খান ইউনিয়নের মোক্তারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তারহাট এলাকায় সড়কের পাশে থাকা একটি সরকারি গাছ কাটতে শুরু করেন স্থানীয় গাছ ব্যবসায়ী মোকলেছ মোল্লা। এ সময় স্থানীয়রা গাছ কাটতে বাধা দেন। পরে মোকলেছ মোল্লা দাবি করেন, তিনি বিএনপি নেতা সালাম খানের কাছ থেকে ৩৫ হাজার টাকায় গাছটি কিনেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সালাম খান। সরকারি গাছ বিক্রির অভিযোগ তুলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় সালাম খান দাবি করেন, ওই স্থানে যাত্রীছাউনি নির্মাণের জন্য গাছটি কাটার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকারি অনুমোদন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে জানান স্থানীয়রা।
পরে সরকারি অনুমোদনের কাগজপত্র দেখানোর কথা বললে স্থানীয়রা সালাম খানকে ছেড়ে দেন।
স্থানীয় বাসিন্দা আকবার শিকদার, ফরিদ শিকদার ও জুয়েল চৌকিদারসহ কয়েকজন জানান, সরকারি গাছ বিক্রির অভিযোগে সালাম খানকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তিনি অনুমোদনের কাগজ দেখানোর কথা বলায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
গাছের ক্রেতা মোকলেছ মোল্লা বলেন, ‘সালাম খানের কাছ থেকে ৩৫ হাজার টাকায় গাছটি কিনেছি। তাই গাছ কাটতে এসেছিলাম।’
অভিযোগের বিষয়ে সালাম খান বলেন, ‘যাত্রীছাউনি নির্মাণ করা হবে। এ কারণে গাছটি বিক্রি করেছি। এ বিষয়ে সরকারি অনুমোদন রয়েছে।’
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন জানান, সরকারি গাছ কাটার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে গাছ কাটার সরকারি অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।