কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোর থেকে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। শুক্রবার রাতেও মহাসড়কে যানজট ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারের কারণে এ যানজটের সূত্রপাত হয়। এতে মহাসড়কের ঢাকামুখী লেন স্থবির হয়ে পড়ে। দীর্ঘ যানজটে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের যানবাহনও ভোগান্তিতে পড়েছে।
সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করা হয়।
তারা আরও জানায়, কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভরও যানজট ছিল।
হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এতে ঢাকামুখী লেনে কুমিল্লার চান্দিনা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে।