মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং গ্রামের সড়ক দিয়ে বালুবাহী ভারী যান চলাচলের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাগুরা সদর উপজেলার বগিয়া ও কছুন্দি ইউনিয়নের আট গ্রামের বাসিন্দারা।
শুক্রবার (২৮ আগস্ট) বাগবাড়িয়া এলাকায় সড়কে খুঁটি পুঁতে এবং গাছের গুঁড়ি ফেলে বালুবাহী যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ গ্রামবাসী।
গ্রামবাসীর দাবি, মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও তা পরিবহন বন্ধের দাবিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। বিষয়টি সেনাক্যাম্পেও জানানো হয়েছে। এরপরও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক বন্ধ করে প্রতিবাদে নেমেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বগিয়া ও কছুন্দি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর চর থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরে সেই বালু ভারী ট্রাকে করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে নদী ও পরিবেশের ক্ষতির পাশাপাশি গ্রামের পাকা সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন ও সরু গ্রামীণ সড়ক দিয়ে ভারী ট্রাক চলাচল করছে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তাঁরা। ফলে বাধ্য হয়ে সড়কে খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে বালুবাহী যান চলাচল বন্ধ করেছেন।
গ্রামবাসীর ভাষ্য, বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে মাত্র ছয় মাস আগে নির্মিত একটি সড়কের বিভিন্ন অংশ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে সড়কটির স্থায়িত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়কগুলো বালুবাহী ভারী যান চলাচলের কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে একদিকে সরকারের অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ বাড়ছে।
স্থানীয়দের দাবি, বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে বগিয়া ও কছুন্দি ইউনিয়নের চারটি সড়কের প্রায় ১৪ কিলোমিটার পাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও কোথাও সড়ক ধসে পড়েছে। কয়েকটি অংশ বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের।
এ ছাড়া ভারী যানবাহন চলাচলের সময় সড়ক থেকে ব্যাপক ধুলাবালি উড়ে আশপাশের বসতবাড়ি, গাছপালা ও ফসলের ওপর পড়ছে। এতে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বাড়ছে। দীর্ঘ সময় ধরে এভাবে বালুবাহী যান চলাচল করায় এলাকার স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর।
সরু গ্রামীণ সড়ক দিয়ে দ্রুতগতিতে ভারী বালুবাহী ট্রাক চলাচল করায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গ্রামবাসীর দাবি, মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের পাশাপাশি বালুবাহী ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার এবং অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।