নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মো. আশরাফ উদ্দিন বকুল বলেছেন, ‘এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করতে হবে। প্রতিটি ওয়ার্ডে বিএনপির কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিজয়ের লক্ষ্যে।’
আজ রোববার (৯ নভেম্বর) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডৌকারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আশরাফ উদ্দিন বলেন, ‘বিএনপি জনগণের দল, আর জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে প্রকৃত উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। আগামী নির্বাচনকে ঘিরে সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।’
এ সময় অন্যান্য নেতাকর্মী নরসিংদী-৫ আসনে আশরাফ উদ্দিন বকুলকে বিজয়ী করতে অকুণ্ঠ সমর্থনের আহ্বান জানান।
ডৌকারচর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।