পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি। ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মো. তৌহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই। তারেক রহমানের স্ত্রী আজ দেশে আসবেন।
একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
এসময় পিছিয়ে পড়া রংপুরের প্রত্নতাত্ত্বিকসহ সবক্ষেত্রে নেওয়ার ব্যাপারে ইতিবাচক সরকারের সদিচ্ছার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের উন্নতির জন্য আলোচনা হবে, ব্যবসা বাণিজ্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা হচ্ছে। এছাড়া নীলফামারীতে চীনা হাসপাতালের কার্যক্রম শুরু করে দিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। নির্বাচনের পর নির্বাচিত সরকার এসে তা শেষ করবে।