কুষ্টিয়ায় দিনের বেলায় নিজ বাড়িতে বাহারি বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার পর চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (০৮ ডিসেম্বর) বিকেলে শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহারি বেগম এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির কারণে ছেলে-মেয়ে ঢাকায থাকায় বাড়িতে একাই থাকতেন বাহারি বেগম। বিকেলের দিকে ঘরের দরজা খোলা দেখে এক প্রতিবেশী তার ঘরে ঢুকে তাকে গলাকাটা অবস্থায় বিছানার উপর পড়ে থাকতে দেখেন। ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় ছিলো।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘হরিশংকপুর এলাকায় নিজ বাড়ি থেকে বাহারি বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে এসে হত্যা করা হয়েছে।’