বরগুনার পাথরঘাটা উপজেলায় সুন্দরবন থেকে শিকার করে আনা ১০২ কেজি হরিণের মাংসসহ লিটন হাওলাদার (৪৯) নামের এক শিকারীকে আটক করেছেন বনরক্ষীরা।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে পাথরঘাটার চরদুয়ানী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হরিণ শিকারী লিটন হাওলাদার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা।
পরে পাথরঘাটা উপজেলা ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ পনির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে একবছরের সশ্রম কারাদনণ্ড ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করেন।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাইল করিম চৌধুরী বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে লিটন হাওলাদার তা বিক্রির জন্য চরদুয়ানী বাজারে রয়েছেন-এমন খবর পেয়ে, রোববার ভোরে সুন্দরবনের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালায়। অভিযানে শিকারী লিটন হাওলাদারকে দুটি বস্তায় ভরা ১০২ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়। পরে জব্দ করা হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়।