আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের ১৪তম আসর। আসন্ন এই ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে তিনটি দেশ- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে এই বিশ্বকাপে ভারতীয় সাবেক দুই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা সুযোগ পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
এই ব্যাপারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘কেন তারা বিশ্বকাপে খেলবে না? আমার কাছে বয়স কোনো মানদণ্ড নয়। পারফরম্যান্স ও ফিটনেসই আসল মানদণ্ড। কাউকে আলাদা করে কিছু বলে দেওয়ার দরকার নেই, কিন্তু বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার, সবাইকে একই বিবেচনায় দেখা উচিত।’
নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে সাবেক অধিনায়ক বলেন, ‘আমার যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, তখন বয়স ছিল ২৪। তখন কেউ এসে আমাকে বয়স নিয়ে কিছু বলেনি। এখন কেউ এক বছর, দুই বছর বা দশ বছর খেলুক, বয়স নিয়ে এসে কিছু বলার দরকার নেই।’
ফিটনেস প্রসঙ্গে ভারতের সাবেক অধিনায়ক ধোনির বক্তব্য আরও পরিষ্কার, ‘বয়স কি কোনো বিষয়? না। ফিটনেস কি বিষয়? হ্যাঁ। আপনি যদি ২২ বছর বয়সীও হন কিন্তু ফিট না থাকেন, তাহলে দলে থাকার কথা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নির্দিষ্ট মানদণ্ড আছে।’
রোহিত শর্মা ও বিরাট কোহিলর বয়স যথাক্রমে ৩৯ ও ২৮ ছুঁইছুঁই। বয়স নিয়ে ধোনি বলেন আরও বলেন, ‘কারো বয়স ৩০ পেরিয়েছে বলেই আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে সে পরের বিশ্বকাপে খেলবে কি না। সেটা তাদের সিদ্ধান্ত। যদি তারা ভালো পারফর্ম করে এবং দেশের জন্য কিছু করার তাগিদ রাখে,তাহলে কেন নয়?’