মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে শহরের দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রথমে শহরের জেলা পরিষদ এলাকায় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে এবং অনেক দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুই জায়গায় তল্লাশি চালিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি ককটেল বিস্ফোরণ বলেই ধারণা করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।