লালমনিরহাটের হাতীবান্ধায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আরিফুল ইসলাম নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার নিজ বাড়ী থেকে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আরিফুল ইসলাম নয়ন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার রমজান আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। সর্বশেষ তিনি সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, গরু চুরির ঘটনায় মোতাহার হোসেন মিন্টুর দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম নয়নকে আটক করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে মোতাহার হোসেন মিন্টু নামে এক ব্যক্তির বাড়িতে বাড়িঘর ভাঙচুর মারধর ও গরু চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়। আর সেই মামলায় এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম নয়নকে আটক করা হয়।