কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ সময় অফিসটির সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। ভাংচুরের সময় বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। ঘন্টাব্যাপি অবরোধ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে রাত ১২টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এরপর রাত দেড়টার সময় প্রথম আলোর অফিসসহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এমন বেশকিছু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।