শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে নওগাঁয়। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। ঝড়ছে বৃষ্টির মতো কুয়াশা। সঙ্গে যুক্ত হয়েছে হিমেল হাওয়া। দুদিনেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ কার্যালয়ের তথ্যমতে, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, আকাশে মেঘের ঘনঘটা থাকায় সূর্যের তাপ ক্ষীণ হয়ে পড়ছে জেলায়। তবে আজ সকালে তার সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। যেন বৃষ্টির মতো ঝড়ছে। এর ফলে যুক্ত হচ্ছে ঠান্ডাজনিত নানান ব্যাধি। প্রয়োজন ছাড়া খুব সকালে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেন তিনি।
এদিকে খেটে খাওয়া মানুষরা জানিয়েছেন, তীব্র শীত উপেক্ষা করে তাদের দৈনন্দিন কাজে বের হতে হয়। গরম কাপড়ের অভাবে তাদের শীতকে উপেক্ষা করে কাজে যেতে হয়। গতকাল সূর্যের দেখা মেলানি, আজ সকাল থেকে ঘন কুয়াশা বৃষ্টির মতো ঝড়ছে। জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করে কাজে যেতে হবে বলে জানান তারা।