সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের এক সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই সম্মেলন থেকে উঠে যান সাবেক এই ক্রিকেটার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে সৃষ্টি হওয়া এই পরিস্থিতির প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সভাপতি মোহাম্মদ মিঠুনের স্বাক্ষরিত এই বিবৃতিতে ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করে কোয়াব।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে এমন একটি পরিসরে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কঠিন প্রশ্ন বা মতের অমিল থাকলেও তা প্রকাশ করার ক্ষেত্রে শ্রদ্ধাবোধ ও শিষ্টাচার বজায় রাখার আশা প্রকাশ করে কোয়াব। বিবৃতিতে বলা হয়, ‘মতভিন্নতা বা কঠিন প্রশ্ন থাকতেই পারে। তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব।’
কোয়াব বিশ্বাস করে ক্রিকেটার, কর্মকর্তা, ক্রীড়া সাংবাদিকসহ ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সবার সম্মান ও মর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ। ‘আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্রিকেটে কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।’
ভবিষ্যতে এমন ঘটনার অবতারণা চায় না জানিয়ে কোয়াবের বিবৃতিতে আরো বলা হয়, ‘কোয়াব আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করবেন। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই ক্রিকেট এগিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’