মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সম্প্রতি বিভিন্ন ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নরসিংদী থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।’
তালেবুর রহমান বলেন, ‘গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে জিএমপিতে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশন আদেশ আছে। সে জন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করা হয়।’
মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর ভক্ত ও অনুসারীরা তার বিষয়ে ফেসবুকে লেখালেখি করছিলেন। ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে তার অনুসারীদের দাবি।