সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোনাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সোনা সিরাজগঞ্জ পৌরসভার সাহেদ নগর বেপারীপাড়া মহল্লার মৃত ইসলামের ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের ২ মার্চ সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির বিচার শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-১ তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
রায় ঘোষণার পর থেকেই আসামি সোনা পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।