ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয়।
ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ আব্দুল আলিম জানান, চার ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ ভয়াবহ রূপ নিলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। গত দুইদিন আগে কবির খানের পক্ষের লোক শহীদ খানকে বেদম মারধর করে। এরপর এই নিয়ে গত দুই দিন দু্ই দফায় কবির খানের পক্ষের লোকজনের বসতঘর ভাঙচুর, লুটপাট চালায়।
ওই ঘটনার জেরে মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়ায়।