আবহাওয়া অধিদপ্তর রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনের পূর্বাভাস প্রকাশ করেছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে কখনো তাপমাত্রা বাড়তে, কখনো কমতে, আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীতাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, রবি ও সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বৃহস্পতিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভাবনা নেই।
আবহাওযার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এদিকে আজও গত কয়েক দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।