চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. লুৎফর রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন ।
এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তাকে পাশের হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তার দেওয়া তথ্য অনুসারে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে দেশীয় অস্ত্র।
সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝি বাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল তিনটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা, একটি লোহার চাকু, একটি দেশীয় দা, চারটি স্টিল পাইপ, একটি হাতুড়ি, একটি চেইন, একটি বেইচ গিয়ার, তিনটি স্টিলের চাকু ও দুটি স্মার্ট ফোন।
চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন উপজেলা ও ইউনিয়নের বিএনপির সব কমিটির স্থগিত রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, গত রাতে যৌথবাহিনী সৈয়দকে গ্রেপ্তারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে দুপুরে তাকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয় তার বাড়ি থেকে। যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।