মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অস্ত্র বিক্রি করতে এসে এক নারী পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্তোরাঁর সামনে থেকে সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। আটক নারীর নাম আমেনা আক্তার (৩২)। তিনি ঢাকা জেলার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গজারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের ভূঁইয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা গোপন সূত্রে খবর পাই, ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচমিশালি নামের একটি রেস্টুরেন্টের সামনে অস্ত্র বেচাকেনা হবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আমরা সেখানে অভিযান চালাই।’
তিনি আরও জানান, এ সময় ওই রেস্তোরাঁর সামনে অবস্থান করা আমেনা আক্তার নামের এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশের একজন নারী সদস্যের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়।
এদিকে আটককৃত আমেনা আক্তারের দাবি, অস্ত্র বেচাকেনা নয়, প্রাক্তন স্বামীকে ফাঁসানোর জন্য অস্ত্রটি কিনেছিলেন তিনি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, এ ঘটনায় মঙ্গলবার অস্ত্র আইনে মামলা করে অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।