বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দ্রুতগতির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের নামুইট–সিমলা সড়কে বুধবার (২৮ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো—নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে নেহাল (১৭) ও নাটোরের বাগাতিপাড়া উপজেলার আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে লিমন (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম মা-কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নেহালের পরিবারের স্থায়ী বসবাস নাটোরে হলেও ছোটবেলা থেকেই সে নন্দীগ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। আগামী ২৯ জানুয়ারি তাদের বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এদিন আয়োজনের প্রস্তুতির কাজ শেষ করে মোটরসাইকেলে করে দুজন বাড়ির উদ্দেশে রওনা দেয়। তারা নামুইট–সিমলা সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে কালিগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।