জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে হত্যা মামলার ৩ আসামিকে। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ভুল মুক্তি বললেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সামাল দিতে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত জেলারের নাম জাকারিয়া ইমতিয়াজ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারাগারের বাইরে কাউকে জানানো হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারাগারের একজন কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। এটি একটি ‘ভুল মুক্তি’। বিষয়টির বিস্তারিত পরে জানানো হবে।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ওই ৩ জনই হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা হিসেবে বিবেচনা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ডিআইজি প্রিজন্স বলেন, ‘জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছেন, অসতর্কতা ও ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত কমিটি সঠিক কারণ উদঘাটন করবে। ঘটনায় যেসব কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এমন গুরুতর অপরাধের মামলার আসামিদের ভুল মুক্তি কারা ব্যবস্থাপনায় বড় ধরনের ত্রুটির ইঙ্গিত দেয়, যা দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার মাধ্যমে সমাধান করা জরুরি।