দেশের সব জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সাথে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিজেপির চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে ঘুইংগারহাট সংলগ্ন এলাকায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, ‘গত কয়েকদিনে ভোলার গ্রামেগঞ্জে পায়ে হেঁটে ও মোটরসাইকেলে অনেক জায়গা ঘুরেছি। আমি দেখেছি এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভোলা-বরিশাল সেতু নাই, ভালো চিকিৎসা নাই, মেডিকেল কলেজ নাই, তরুণদের কাজ করার কোনো উপায় নাই। আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে।’ এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া জামায়াতে ইসলামী বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রির নামে সমাজে দাজ্জালের ফেৎনা ছড়াচ্ছে অভিযোগ করে তাদের থেকে সকলকে দূরে থাকারও আহ্বান জানান পার্থ।
সমাবেশে ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, সাধারণ সম্পাদক রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া স্থানীয় বিজেপি ও বিএনপির নেতৃবৃন্দসহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।