ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কেওয়াটখালীতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজধানী ঢাকার মুগদা এলাকার বাসিন্দা আরিফ (৪০) ও ফরিদপুরের মামুন (৪২)। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।
শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
এ দুর্ঘটনায় এলাকায় প্রায় আধ ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।