সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রী নিহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এবং অন্যদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খৈচালা এলাকায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।