পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নরের ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং চর শিবরামপুর ভোট কেন্দ্রের পরিচালক।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কয়েকদিন ধরে হুমকি ধামকি দিয়ে আসছিল। হুমকি-ধামকি উপেক্ষা করেই প্রচার-প্রচারণা চালান জামায়াত নেতা রমজান। এতে ক্ষুব্ধ স্থানীয় বিএনপির নেতা রায়হানের নেতৃত্বে শনিবার রাতে স্থানীয় একটি মসজিদ থেকে তাকে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি হাসপাতাল থেকে শুরু হয়ে থানার সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রেরা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন, রমজান আলীকে মসজিদ থেকে টেনে হেচড়ে বের করে এনে পিটিয়ে ও কুপানো হয়েছে। বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাস হুকুমে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে হামলা করেছে। দ্রুত যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।