ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা নিজ দলকে বিজয়ী করতে নানাভাবে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আসন্ন নির্বাচনে এই আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার।
এই আসনটিতে প্রার্থী হিসাবে আরও রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মন্ডল। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে রয়েছেন মাওলানা আশরাফ আলী।
এই আসনের বিভিন্ন প্রান্তের ভোটারদের ওপর নাগরিক প্রতিদিন-এর পরিচালিত এক জরিপে দেখা যায়, ভোটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার।
বিএনপি প্রার্থী পছন্দ করার কারণ জানতে চাইলে ভোটাররা বলেন, ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার সফলভাবে দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার সংসদ সদস্য হয়ে তার দায়িত্ব পালন করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান। এই অঞ্চলের মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান রয়েছে। যে কারণে তিনি ভোটারদের প্রিয় প্রার্থী হয়ে উঠেছেন।