জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
জেলা ছাত্রদলের সভাপতি মামুন জানান, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা একটি গাড়িতে ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এতে বিএনপি কর্মীরা বাধা দিতে গেলে সাবেকুন নাহার শিখার কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা জানান, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয়।
পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে ও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।