ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর মাওয়ামুখী লেনে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, মাওয়ামুখী একটি ট্রাক ত্রুটি মেরামতের জন্য সড়কে থামানো ছিল। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার গাড়ির ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করেন। পরে আহত দুজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শওকত বেপারী (২৩)-কে মৃত ঘোষণা করেন। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার বাসিন্দা। তার পিতার নাম দবির বেপারী।
অপর আহত মো. ইমরান মন্ডল (২৪), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোড়দহ এলাকার বাসিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও উদ্ধার তৎপরতা ও ক্ষতিগ্রস্ত যান সরিয়ে নেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।