টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ব্যানার টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে গোপালপুর থানা গেট থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১০-১৫ জন নেতাকর্মী জড়ো হন। ভাইরাল হওয়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’-লেখা একটি ব্যানার টানানো হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেন। স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার পর কিছু বিক্ষুব্ধ ব্যক্তি গিয়ে ব্যানারটি খুলে ফেলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর একদল বিক্ষুব্ধ ব্যক্তি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল বলেন, ‘ফজরের নামাজের সময় চুপিসারে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গোপালপুরকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোররাতে কয়েকজন ব্যক্তি পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’