খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা যেভাবে দেখছি, আল্লাহর রহমতে সবকিছু ঠিকভাবেই আছে, কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ আমরা তদারকির মাধ্যমে এগুলো যাতে সুন্দর ম্যানেজমেন্ট হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেব।’
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধে তিনি বলেন, ‘ইতিমধ্যেই বাজার মনিটরিং সেল করা হয়েছে। আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। আজকে সভায় তারা বিস্তারিত উপস্থাপন করেছেন। আশা করি আমাদের মনিটরিং এবং তদারকির মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে আমরা সক্ষম হব।’
জেলা প্রশাসক শরিফা হক সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৫(সদর) আসেনর সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত এবং জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।