আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বারোয়ারী বিতর্ক ও আলোচনা সভার আয়োজন করেছে ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার মিলনায়তনে বারোয়ারী বিতর্ক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর ডিবেট ফোরামের বর্তমান কমিটির সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা হাসানুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের প্রভাষক রফিকুল ইসলাম এবং নাট্যকুঞ্জের সভাপতি নিরব ইমতিয়াজ শান্তসহ অন্যান্য অতিথিরা।
বারোয়ারী বিতর্কের বিষয় ছিল—‘ওরা আসবে চুপি চুপি...’, ‘তোর মুখের বাণী আমার কানে লাগে...’ এবং ‘মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে…’। প্রতিযোগীরা নিজ নিজ পছন্দের বিষয়ের ওপর যুক্তি উপস্থাপন করে। প্রাণবন্ত বিতর্কের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার গুরুত্ব এবং সাংস্কৃতিক আগ্রাসনের নানা দিক উঠে আসে।
প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা, দ্বিতীয় স্থান অর্জন করে ফরিদপুর জেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থী শামছিয়া আলিমা শ্রদ্ধা এবং প্রথম স্থান অর্জন করে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশিতা সাহা। বিচারক হিসেবে ছিলেন ফরিদপুর ডিবেট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মিয়া এবং সাবেক বিতার্কিক নির্ণয় মন্ডল (রাভী)।
বিতার্কিকরা বলেন, ভাষা শহীদদের স্মরণে এ ধরনের আয়োজন প্রতিবছরই হওয়া উচিত।
অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।