নিরাপত্তাহীনতায় ভোগছে রাজধানীবাসী
ঢাকা, ১৮ জুলাই
রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ার (ধানমন্ডি-৩২) মোড়ে দেশীয় অস্ত্র চাপাতি ঠেকিয়ে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা ঢাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, ফুটপাতে থাকা এক যুবকের সামনে দেশীয় চাপাতি হাতে আরেক ব্যক্তি হুমকি দিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিচ্ছে। ভয় পেয়ে ভুক্তভোগী ব্যাগটি ছুড়ে দেন এবং ছিনতাইকারী সেটি নিয়ে ট্রাফিক পুলিশের সামনেই নির্বিঘ্নে রাস্তাপার হয়ে চলে যায়। আশপাশে উপস্থিত পথচারীরা দাঁড়িয়ে দেখলেও কেউ কোনো ধরনের প্রতিরোধ করেনি।
১৩ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ছিনতাইয়ের সময় রাস্তায় তীব্র যানজট ছিল। ফুটপাতের পাশে চায়ের দোকান খোলা ছিল এবং বেশ কিছু নারী-পুরুষ কাছাকাছি অবস্থান করছিলেন। ভিডিওটি ধারণ করা হয় একটি প্রাইভেটকারের ভেতর থেকে।
পুলিশ বলছে, তদন্ত চলছে
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “ঘটনার ভিডিও আমরা দেখেছি। ধারণা করছি, ঘটনাটি রাত ১২টার পরের। এখনো ভুক্তভোগীকে শনাক্ত করা যায়নি। তবে ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান চলছে।”
তিনি আরও বলেন,
রাতে ট্রাক চলাচলের কারণে মিরপুর রোডে যানজট দেখা দেয়। সেই সুযোগে ছিনতাইকারীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার সময় ছিল রাত ৯টার দিকে। লোকজন, দোকানপাট ও যানবাহনের উপস্থিতি সেই দাবিকে সমর্থন করে।
ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ছিনতাইকারী অস্ত্র হাতে ট্রাফিক পুলিশের সামনে দিয়েই রাস্তা পার হয়। অথচ কোনো প্রতিবন্ধকতা বা প্রতিরোধ সে সময় গড়ে ওঠেনি। এ নিয়ে নগরবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে এইসব গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের উপস্থিতিতেও যদি এমন ঘটনা ঘটে, তবে নিরাপত্তা কোথায়?
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ঢাকার অন্যতম ব্যস্ত এবং নজরদারিপূর্ণ এলাকায় প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মনে ভয় ও অনাস্থা তৈরি করছে।
নগরবাসীর প্রশ্ন,
রাসেল স্কয়ার যদি নিরাপদ না হয়, তবে শহরের আর কোথাও নিরাপত্তা আশা করা যায় কীভাবে?