রাজধানীর গুলশান-১। বিত্তশালীদের আনাগোনা আর আভিজাত্যের পসরা সাজিয়ে বসা নামী-দামী সব ব্র্যান্ডের মেলা। এই চাকচিক্য দেখেই সাধারণ মানুষ চড়া দামে খাবার কেনেন নিরাপদ আর স্বাস্থ্যসম্মত হবে ভেবে। কিন্তু এই আস্থার আড়ালে এক বড় জালিয়াতি ধরা পড়েছে গুলশানের পরিচিত মিষ্টির দোকান ‘খাজানা মিঠাই’-তে।
বিএসটিআই-এর এক অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির নেই বিএসটিআই-এর কোনো বৈধ লাইসেন্স, নেই মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ। অথচ তারা কোনো কিছুর তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল।
রোববার (১০ মে) বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নথিপত্র চাওয়া হলে খাজানা মিঠাই কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ফলস্বরূপ, বিএসটিআই আইনের দুটি পৃথক ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে বিএসটিআই-এর সহকারী পরিচালক (সিএম) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, আভিজাত্যের আড়ালে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। মানহীন ও অনুমোদনবিহীন পণ্যের বিরুদ্ধে এই অভিযান চলবে। রাজধানীর প্রতিটি প্রান্তে, বিশেষ করে নামী ব্র্যান্ডগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।