রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় দুর্বৃত্তের ইটের আঘাতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজিদ রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকার শামসুল চৌধুরীর ছেলে।
পরিদর্শক মো. ফারুক জানান, সাজিদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এরইমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কাফরুল থানায় জানানো হয়েছে।
এর আগে ছড়িয়ে পড়া এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৯ জুন দিবাগত রাতে সাজিদ মোটরসাইকেল চালিয়ে পূর্ব শেওড়াপাড়া এলাকার একটি গলির ভেতরে ঢোকেন। ওই সময় তাকে লক্ষ্য করে এক ব্যক্তি ইট নিক্ষেপ করেন। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন সাজিদ। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
সাজিদের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হামলা এবং জড়িতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একাধিক মামলাও রয়েছে।
ঘটনার পর হত্যাচেষ্টার অভিযোগে কাফরুল থানায় মামলা করেন সাজিদের চাচা নুর হোসেন। এরইমধ্যে চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এ ছাড়া পলাতক অন্য আসামির নাম আমিন।
পূর্বশত্রুতার জেরে সাজিদের ওপর এ হামলা চালানো হয়েছে বলে মনে করছে পুলিশ।